শনিবার | অক্টোবর ৩, ২০২৬
প্রচ্ছদ খেলা কাউখালীতে নূর উল্লাহ চেয়ারম্যান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট

কাউখালীতে নূর উল্লাহ চেয়ারম্যান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট

কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি : রাঙামাটির কাউখালীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নূর উল্লাহ চেয়ারম্যান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার বিকেলে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় খেলোয়াড়, তরুণ ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য পাইচিং নং মারমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আলী বাবর, উপজেলা বিএনপির উপদেষ্টা মো. সেয়দ মেম্বার, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোতালেব মেম্বার, সাংগঠনিক সম্পাদক তারামিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন বয়সী দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

আয়োজক মো. এমএ মনছুর বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চার পরিবেশ আরও শক্তিশালী করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান। তাদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ইতিবাচক চর্চার সুযোগ তৈরি করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা