নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির নৈসর্গিক কাপ্তাই লেকে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬’। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় সোমবার অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় পুরুষ ও নারী—উভয় বিভাগেই দাপট দেখিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু ফয়সাল আহমেদ। একইভাবে নারী বিভাগে সেরা হয়ে শিরোপা ঘরে তুলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন।
কাপ্তাই লেকের মগবান টিলা এলাকা থেকে সকাল ১০টায় শুরু হয় প্রতিযোগিতা। প্রায় এক ঘণ্টার সাঁতারে পুরুষ সাঁতারুরা ১০ কিলোমিটার এবং নারী সাঁতারুরা ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে রাঙামাটির বিএফডিসি ঘাট এলাকায় পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।
চূড়ান্ত পর্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা মোট ২০ জন সাঁতারু অংশ নেন। এর মধ্যে পুরুষ ও নারী বিভাগে ৯ জন করে ১৮ জন বাছাইকৃত সাঁতারুর পাশাপাশি স্বাগতিক রাঙামাটি জেলা থেকে উভয় বিভাগে একজন করে আরও দুজন প্রতিযোগী অংশ নেন।
পুরুষ বিভাগে ফয়সাল আহমেদ প্রথম, বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা দ্বিতীয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ তৃতীয় স্থান অর্জন করেন।
অন্যদিকে নারী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন প্রথম, বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার দ্বিতীয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর পলি খাতুন তৃতীয় স্থান অর্জন করেন।
প্রতিযোগিতা শেষে রাঙামাটি কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন। সফলভাবে প্রতিযোগিতা শেষ করা প্রত্যেক সাঁতারুকেও সনদ ও আর্থিক পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মিজ নাজমা আশরাফী। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। এছাড়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপু তালুকদার, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সাঁতার অঙ্গনের উন্নয়ন, প্রতিভাবান সাঁতারু খুঁজে বের করা এবং আন্তর্জাতিক মানের সাঁতারু তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় সাঁতারুদের খুঁজে বের করে প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
নৌবাহিনীর এ ধরনের উদ্যোগের ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান সাঁতারুরা জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের লাল-সবুজ পতাকার মর্যাদা আরও উজ্জ্বল করার সম্ভাবনাও তৈরি হচ্ছে।
