ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের গুরুত্বপূর্ণ ‘ভালুকা-ভোট বাজার’ সড়ক পরিদর্শন করেছেন ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাঈমা নাজনীন নাজ।
সম্প্রতি সড়কটি পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন ময়মনসিংহ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এবং উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রকৌশলীরা সড়কটির বর্তমান অবস্থা ও প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম নিয়ে পর্যালোচনা করেন।
স্থানীয়দের প্রত্যাশা, সড়কটির উন্নয়নে প্রয়োজনীয় প্রাক্কলন দ্রুত অনুমোদন হলে দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে এবং রাজৈ ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে।
এদিকে, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দীন আহমেদের উদ্যোগ ও দিকনির্দেশনায় সড়কটির উন্নয়ন প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুতই সড়কটির প্রাক্কলন অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
