শনিবার | অক্টোবর ৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী : পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মুহাম্মদ সাখাওয়াত হোসেন।

৩ অক্টোবর শনিবার দুপুরে তিনি পটিয়া হাসপাতালে উপস্থিত হয়ে বিভিন্ন বিভাগ সরেজমিনে পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবার সার্বিক খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের ওয়ার্ডগুলোতে গিয়ে শয্যা সংকটের তীব্র চিত্র দেখতে পান। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগীর চাপে বহু মানুষকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে দেখে তিনি গভীর বিস্ময় প্রকাশ করেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা দেখতে এসেছি। এই হাসপাতালটিকে দ্রুততম সময়ের মধ্যে ১৫০ শয্যায় উন্নীত করা হবে। তবে রোগীদের দুর্ভোগ লাঘবে আপাতত জরুরি ভিত্তিতে বেশ কিছু অতিরিক্ত শয্যার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়।
সাবেক মহকুমা সদর হওয়ায় পটিয়া উপজেলার প্রায় ৭ /৮ লাখ অধিবাসীর পাশাপাশি আশেপাশের আরও ৪টি উপজেলার মানুষের প্রধান ভরসাস্থল এই হাসপাতাল। প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৫০ জন রোগী হাসপাতালে ভর্তি থাকেন এবং বহির্বিভাগে ১ হাজারেরও বেশি মানুষ সেবা নিতে আসেন। বিশাল এই চিকিৎসাপ্রার্থীদের চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পর্যাপ্ত লজিস্টিক সাপোর্টের তাগিদ স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভৌগোলিক কারণেই আশেপাশের অন্তত ৫টি উপজেলার মানুষ এই পটিয়া হাসপাতালে ছোটেন। ফলে বর্তমান সীমিত অবকাঠামো দিয়ে এত মানুষের সেবা দেওয়া প্রায় অসম্ভব। চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বাড়াতে তিনি সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ড. শেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডক্টর সাজেদুর রহমান পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আবু তৈয়ব প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা