রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) : আগুনে পুড়ে ছাই হয়েছে ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকার। মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের এখলাছ উদ্দিন। কিন্তু বিপদের সেই কঠিন সময়ে তাকে একা থাকতে দেয়নি হাইস্কুল জীবনের সহপাঠীরা। তিন দশক পেরিয়েও অটুট থাকা বন্ধুত্বের টানে ছুটে এসেছেন ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-৯২-এর বন্ধুরা।
শুক্রবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এখলাছ উদ্দিনের বাড়িতে ছুটে যান তাঁর ১৫-২০ জন সহপাঠী। আগুনে বিধ্বস্ত বাড়ির চিত্র দেখে তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন। বন্ধুকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি নিজেদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তাও করেন তাঁরা। তবে কত টাকা সহায়তা করেছেন, তা প্রকাশ করতে চাননি ব্যাচ-৯২-এর বন্ধুরা।
তাঁদের কাছে বন্ধুত্ব শুধু স্মৃতির পাতায় আটকে থাকা কোনো সম্পর্ক নয়; বিপদের দিনে বন্ধুর হাত শক্ত করে ধরে রাখার নামই বন্ধুত্ব। দীর্ঘ ৩৪ বছর পরও স্কুলজীবনের সেই বন্ধন অটুট রেখে বিপর্যস্ত বন্ধুর পাশে দাঁড়িয়েছেন তাঁরা।
বন্ধুদের পাশে পেয়ে আবেগাপ্লুত এখলাছ উদ্দিন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বিপদের সময়ে মানুষকে চেনা যায়—বন্ধুরা এসে পাশে দাঁড়িয়ে আজ আমাকে সেটিই আবারও বুঝিয়ে দিল। আগুনে আমার অনেক কিছু পুড়ে গেছে, কিন্তু বন্ধুদের ভালোবাসা আমাকে নতুন করে সাহস দিয়েছে। তাঁদের এই ভালোবাসা ও সহযোগিতার কথা আমি কোনোদিন ভুলব না।”
সান্ত্বনা দিতে গিয়ে ব্যাচ-৯২-এর সহপাঠী অতিরিক্ত কর কমিশনার মো. মাসুম বিল্লাহ সানি, মো. আতাউর রহমান, মো. আব্দুল মোত্তালিব ও হাজী আব্দুল্লাহ আল মামুনসহ অন্যরা বলেন, বিপদের দিনে বন্ধুর পাশে দাঁড়ানোই বন্ধুত্বের সবচেয়ে বড় পরিচয়। জীবনের কঠিন সময়ে এখলাছ যেন নিজেকে একা মনে না করেন—এই বার্তাই দিতে তাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছেন।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম। তিনি এখলাছের সহপাঠীদের সাথে তার বাড়িতে গিয়ে বলেন, মানুষের বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয়। এমন ভালো কাজের সঙ্গে থাকতে পেরে তিনি কৃতজ্ঞ। পুলিশও মানবিক ও কল্যাণমূলক যেকোনো ভালো কাজের পাশে রয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এখলাছ উদ্দিন ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এখলাছ উদ্দিনের বাড়িতে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। পুড়ে ছাই হয়ে যায় ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় মালামাল। এতে প্রায় ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
