শনিবার | অক্টোবর ৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শীতলক্ষ্যায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ লাখো মানুষের ঢল

শীতলক্ষ্যায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ লাখো মানুষের ঢল

রূপগঞ্জ থেকে মাসুদ করিম : আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ আজ আবার ১৬ বছর পর দেখা গেল শীতলক্ষ্যা নদীর কাঞ্চন পয়েন্টে।

প্রতিযোগিতাকে ঘিরে শীতলক্ষ্যা নদীর দুই তীরে নেমেছে লাখো মানুষের ঢল। আয়োজনকে ঘিরে কাঞ্চন, হাবিবনগর, দিঘলিয়া, কেরাবো, কলাতলী, বান্টি, হাটাবো, আতলাশপুরসহ আশপাশের এলাকায় দিনভর চলে উৎসবের আমেজ। কেউ নদীর তীরে অবস্থান নিয়েছেন, আবার কেউবা নৌকায় নদীতে ভাসমান অবস্থায় নৌকা বাইচ উপভোগ করেন। এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘ ১৬ বছর পর এ নৌকা বাইচের আয়োজন করে কাঞ্চন পৌর বিএনপি। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার কাঞ্চন এলাকায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ।

নৌকা বাইচ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু এবং সংসদ সদস্যের সহধর্মীনি আর্কিটেক্ট ইয়াছমিন ইসমাইল, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন প্রমুখ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় ছোট-বড় মিলিয়ে ২৫টি নৌকা অংশ নেয়। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ৩টি মোটরসাইকেল, ১৬টি ফ্রিজ ও ৬টি টেলিভিশন। শিমুলিয়া ঘাট থেকে হাটাবো বাজার ঘাট পর্যন্ত নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন, কলাতলীর সোহেল রানা এক্সপ্রেস, দ্বিতীয় হয়েছেন কালাদির সাথী এক্সপ্রেস ও তৃতীয় হয়েছেন কেড়াবো সবার বন্ধু বাইচ দল। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

ভুলতা এলাকা থেকে আগত দর্শক হাজী সালাহউদ্দিন দেওয়ান ও গোলাকান্দাইল এলাকার শাহিন মিয়া জানান, দীর্ঘ ১৬ বছর পর দূর-দূরান্ত থেকে হাজার হাজার দর্শণাথী নৌকা বাইচ দেখতে এসেছে; এমন আয়োজন দেখে তারা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও যেন নিয়মিত এ ধরনের আয়োজন করা হয়, সেই দাবি জানান তারা।

তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে মুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বাধ্য।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা