রবিবার | অক্টোবর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ৭২ জন শিক্ষার্থী দিয়ে থাপড়ানোর ঘটনা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

৭২ জন শিক্ষার্থী দিয়ে থাপড়ানোর ঘটনা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

খাগড়াছড়ি থেকে আলমগীর হোসেন : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার অন্যতম বিদ্যাপীঠ রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির দুই শিক্ষার্থীকে একই শ্রেণির ৭২ জন শিক্ষার্থী দিয়ে থাপড়ানোর ঘটনা ঘটেছে। এঘটনার সুষ্ঠু বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবক।

জানা গেছে, গত বুধবার ৩০ সেপ্টেম্বর বিকেলে রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের মেহেরাজ জিসান নামের ৮ম শ্রেণি এক শিক্ষার্থী বিদ্যালয়ের বাহিরে শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরণ করা এবং অপর শিক্ষার্থী মিফতাহুল জান্নাত ভিন্ন শ্রেনির এক ছেলে শিক্ষার্থীর সাথে কথা বলার অভিযোগে বৃহস্পতিবার শ্রেণি কক্ষে দুই শিক্ষার্থীকে এই শাস্তি দেন শিক্ষক নাঈমুল ইসলাম।

তবে অনুসন্ধানে ভুক্তভোগী শিক্ষার্থীদের ওপর আনিত অভিযোগ দুটির সত্যতা পাওয়া যায়নি। তবে অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও সিসি টিভি ফুটেজ পর্যালোচনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া যায়। এঘটনায় বিচার চেয়ে রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন দুই অভিভাবক।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিজের দোষ স্বীকার করে শিক্ষক নাঈমুল ইসলাম বলেন, এটা আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, এঘটনার জন্য আমি অনুতপ্ত।

শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া এমন অপ্রত্যাশিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউল্লাহ।

এদিকে এমন অপ্রত্যাশিত ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়েছেন স্থানীয় সামাজিক, রাজনৈতিক ব্যাক্তি বর্গ ও অভিভাবকরা।

তবে এঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র সিকদার।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা