সোমবার | অক্টোবর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আসন্ন ইউপি নির্বাচন: গুলিশাখালীতে মোশারেফ হোসেন মোল্লার গণসংযোগ শুরু

আসন্ন ইউপি নির্বাচন: গুলিশাখালীতে মোশারেফ হোসেন মোল্লার গণসংযোগ শুরু

আমতলী বরগুনা থেকে সুমন রশিদ : বরগুনার আমতলীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ শুরু হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে গুলিশাখালী ইউনিয়নে নির্বাচনী তৎপরতায় শুরু থেকেই সরব হয়েছেন চেয়ারম্যান প্রার্থী মো. মোশারেফ হোসেন মোল্লা।

গতকাল রোববার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা, গোজখালী ও গুলিশাখালী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, সালাম ও সৌজন্য সাক্ষাৎ করেন মোশারেফ হোসেন মোল্লা।

গণসংযোগকালে তিনি স্থানীয় মানুষের খোঁজখবর নেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলতে দেখা যায় তাঁকে।

স্থানীয়রা জানান, নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ধীরে ধীরে মাঠে নামতে শুরু করেছেন। তবে গুলিশাখালী ইউনিয়নে মোশারেফ হোসেন মোল্লার গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি ইতোমধ্যে স্থানীয়দের নজর কেড়েছে।

চেয়ারম্যান প্রার্থী মো. মোশারেফ হোসেন মোল্লা বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে আছি। নির্বাচনের সময়ের জন্য নয়, সবসময়ই মানুষের পাশে থাকতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।”

এদিকে নির্বাচনকে ঘিরে গুলিশাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়তে থাকায় স্থানীয় পর্যায়ে নির্বাচনী আমেজও ধীরে ধীরে জমে উঠছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা