প্রচ্ছদ সারাদেশ ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে ট্রাকচালক নিহত, আটক ২

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ছিনতাইয়ের ঘটনা :

ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে ট্রাকচালক নিহত, আটক ২

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ছিনতাইকারীর হামলায় রাজীব হোসেন নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজের সামনে এ ঘটনা ঘটে।​নিহত রাজীব হোসেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, ভোররাতে পাথরবোঝাই একটি ট্রাক কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে এলেঙ্গা এলাকায় মহাসড়কের পাশে ট্রাকটি থামিয়ে চালক রাজীব হোসেন প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। এ সময় ওত পেতে থাকা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। ​রাজীবের চিৎকারে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ছিনতাইকারী চক্রের সদস্য মিন্টুকে (৩২) ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক মিন্টু কালিহাতী উপজেলার এলেঙ্গা উত্তরপাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত আরও ৩-৪ জন ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়।

খবর পেয়ে কালিহাতী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

​কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কাইয়ুম খান সিদ্দিকী জানান, ঘটনাস্থল থেকে মিন্টু নামের একজনকে আটক করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা