মঙ্গলবার | অক্টোবর ৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আজমিরীগঞ্জে নেশাগ্রস্ত ছেলের হামলায় বাবার মৃত্যু, যুবক আটক

আজমিরীগঞ্জে নেশাগ্রস্ত ছেলের হামলায় বাবার মৃত্যু, যুবক আটক

লিটন পাঠান, হবিগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ইয়াফিন (১৮) নামে ওই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬-অক্টোবর)২০২৬ দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের আন্দাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহাবউদ্দিন মিয়া (৬০) ওই গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াফিন দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন বলে স্থানীয়দের দাবি। মঙ্গলবার নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে থাকা বাবার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সাহাবউদ্দিন মিয়ার ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে ইয়াফিনের বিরুদ্ধে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। পরে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াফিনকে আটক করে। স্থানীয়রা জানান, ইয়াফিন নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই অসংলগ্ন আচরণ করতেন। তবে কী নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ হয়েছিল বা হামলার প্রকৃত কারণ কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত সাহাবউদ্দিন মিয়া দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। অন্যদিকে ইয়াফিন নেশাগ্রস্ত এবং মানসিকভাবে অসুস্থ বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কীভাবে সাহাবউদ্দিন মিয়ার মৃত্যু হয়েছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ কী, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা