বোচাগঞ্জ (দিনাজপুর) থেকে আশিকুর ইসলাম : দিনাজপুরের বোচাগঞ্জ অটো মিলের বর্জ্য পানি পরিশোধনের জন্য মিলেই পানি শোধনাগার (ইটিপি) স্থাপন এবং ধান থেকে উৎপন্ন ছাই নিয়ন্ত্রণে সাইক্লোন মেশিন স্থাপনের জন্য কঠোর নির্দেশ।
৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন অটো রাইস মিল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মারুফ হাসান ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন নাহার সীমা। পরিদর্শনকালে কর্মকর্তারা অটো রাইস মিল মালিকদের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। বিশেষ করে মিলের বর্জ্য পানি পরিশোধনের জন্য মিলেই পানি শোধনাগার (ইটিপি) স্থাপন এবং ধান থেকে উৎপন্ন ছাই নিয়ন্ত্রণে সাইক্লোন মেশিন স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি ছাই সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য নির্দিষ্ট স্থান বা শেড তৈরির নির্দেশনা দেওয়া হয়। কর্মকর্তারা জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এসব ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা পরবর্তীতে ফলোআপের মাধ্যমে পরিদর্শন করা হবে।
কর্মকর্তারা বলেন, অটো রাইস মিল পরিচালনার ক্ষেত্রে বর্জ্য পানি ও ছাই যথাযথ ভাবে নিয়ন্ত্রণ করতে হবে। বর্জ্য পানি যাতে পরিবেশের ক্ষতি করতে না পারে, সে জন্য মিলেই ইটিপি স্থাপন করতে হবে। একই সঙ্গে ছাই বাতাসে ছড়িয়ে পড়ে পরিবেশ দূষণ রোধে সাইক্লোন মেশিন ও ছাই সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে হবে। এ সময় মিল মালিকদের পরিবেশ অধিদপ্তরের বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
