বুধবার | অক্টোবর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মহেশপুরে কীটনাশক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ

মহেশপুরে কীটনাশক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ

মেহেদী হাসান সিরাজী মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে এক কীটনাশক ব্যবসায়ীকে পথরোধ করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে তিনজনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মহেশপুর থানার ইশালডাঙ্গা মোড়ে কীটনাশকের ব্যবসা করেন মো. বাবলু হোসাইন (৪০)। গত ৫ অক্টোবর দুপুরে তিনি যশোরের শার্শা থানাধীন শাড়াতলা বাজারের ‘মেসার্স জনতা ট্রেডার্স’ থেকে প্রায় ২ লাখ ৫৮ হাজার ৮৮০ টাকা মূল্যের কীটনাশক কিনে ইজিবাইকযোগে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের দিকে ফিরছিলেন।

অভিযোগে বলা হয়, পথে মাশিলা থেকে হিজলগামী পাকা সড়কের ওপর কয়েকজন ব্যক্তি তার ইজিবাইকের গতিরোধ করেন। তারা নিজেদের ঝিকরগাছা থানার পুলিশ পরিচয় দিয়ে ইজিবাইকে থাকা মালামাল সম্পর্কে জানতে চান। কীটনাশক রয়েছে জানালে সেটিকে অবৈধ দাবি করে ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। তিনি কীটনাশক ক্রয়ের মেমো দেখালেও অভিযুক্তরা টাকা দাবি অব্যাহত রাখেন এবং টাকা না দিলে সব কীটনাশক নামিয়ে নেওয়া ও মারধরের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে ভয়ে ব্যবসায়ী নিজের কাছে থাকা ২ হাজার টাকা এবং মাশিলা বাজারের একটি দোকান থেকে বিকাশের মাধ্যমে আরও ১৩ হাজার টাকা সংগ্রহ করে মোট ১৫ হাজার টাকা এক নম্বর অভিযুক্তকে দেন। এরপর অভিযুক্তরা তাকে ছেড়ে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পর বিষয়টি নিয়ে খোঁজখবর করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের পরিচয় ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড করার অভিযোগ জানতে পারেন ওই ব্যবসায়ী।
অভিযোগে জীবন খান লিপু, মো. উজ্জ্বল হোসেন ও মো. শোভনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনার বিষয়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি ও বিকাশের দোকানদারকে সাক্ষী করা হয়েছে।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. বাবলু হোসাইন। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চৌগাছা থানার ওসি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা