শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা কেরানীগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

কেরানীগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

মোঃমাহাবুবুর রহমান, (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে সুবিধাবঞ্চিত ও প্রকৃত প্রাপকদের নিকট সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহজ ও স্বচ্ছ করতে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারী এবং সুপারভাইজারদের দু’দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে ফিল্ড লেভেলে কাজ করার জন্য মনোনীত তথ্যসংগ্রহকারী ও তাদের সুপারভাইজারগণ অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণ কর্মসূচিটিতে কীভাবে নির্ভুলভাবে মাঠ পর্যায় থেকে সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হবে সে বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা ও ব্যবহারিক ধারণা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তথ্য সংগ্রহকারীদের দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সাথে কাজ করার আহ্বান জানান। তারা উল্লেখ করেন, ফ্যামিলি কার্ডের সঠিক তথ্য সংগ্রহের ওপরই নির্ভর করবে প্রকৃত দুস্থ ও যোগ্য পরিবারগুলোর কাছে সরকারি সহায়তা পৌঁছানো।

দু’দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে শিগগিরই মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ডের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ পুরোদমে শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা