শাকিলা সুলতানা : কানাডায় ভালো চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে জাল ভিসা দিয়ে ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. হাসান মুরাদ (৩৭)। গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখ সকালে রাজধানীর রূপনগর আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিআইডি সূত্রে জানা যায়, মামলার বাদী পেশায় একজন গাড়ি চালক। কানাডায় পাঠানো ও উচ্চবেতনে চাকরির আশ্বাস দিয়ে প্রতারক চক্রের সদস্য দিদার শেখ তার কাছে ১৮ লাখ টাকা দাবি করেন। উন্নত ভবিষ্যতের আশায় ভুক্তভোগী বিভিন্ন সময়ে দিদারকে দাবিকৃত পুরো অর্থ প্রদান করেন। পরে চক্রটি তাকে কানাডার স্টিকার ভিসা সংবলিত একটি পাসপোর্ট এবং ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি টিকিট দেয়।
গত ১১ নভেম্বর ২০২৪ তারিখ রাতে ভুক্তভোগী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছালে সেখানকার কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করে পাসপোর্টের ভিসাটি জাল বলে শনাক্ত করেন। এতে প্রতারণার বিষয়টি উন্মোচিত হলে তিনি বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা (মামলা নং-১২) দায়ের করেন।
পরবর্তীতে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডি। তদন্তের ধারাবাহিকতায় বিগত ২ নভেম্বর ২০২৫ তারিখে অভিযুক্ত দিদার শেখকে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে সোহেল রানা নামে চক্রের আরেক সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজনই আদালতে ১৮৮ ধারার অধীন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এবং সিআইডির নিজস্ব গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখ সকালে রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল সহযোগী মো. হাসান মুরাদকে গ্রেফতার করা হয়। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ছিটুয়াপাড়া গ্রামের মো. সুলতান আহমদের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হাসান মুরাদ প্রতারণার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। জাল ভিসা সরবরাহ ও অর্থ লেনদেনে তার ভূমিকা কতটুকু তা খতিয়ে দেখতে সিআইডি তদন্ত অব্যাহত রেখেছে। ইতোমধ্যে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিআইডি জানিয়েছে, প্রতারক চক্রটির সাথে জড়িত অন্যান্য পলাতক সদস্য এবং দেশি-বিদেশি সহযোগীদের শনাক্ত ও গ্রেফতার করতে তাদের অভিযান জোরদার রয়েছে।
সিআইডির জরুরি সতর্কবার্তা:
বিদেশে কর্মসংস্থান বা অভিবাসনের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে যাচাই-বাছাই ছাড়া অর্থ বা পাসপোর্ট হস্তান্তর না করতে নাগরিকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সিআইডি। শুধুমাত্র সরকার অনুমোদিত ও বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হচ্ছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিসা প্রতারণা বা অতিরিক্ত অর্থ দাবি করলে তা নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সিআইডিকে দ্রুত জানানোর অনুরোধ করা হয়েছে
