শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মানুষ ও হাতি উভয়কে রক্ষায় শেরপুরে হাতির অভয়ারণ্য গড়ে তোলার আশ্বাস পরিবেশমন্ত্রীর

মানুষ ও হাতি উভয়কে রক্ষায় শেরপুরে হাতির অভয়ারণ্য গড়ে তোলার আশ্বাস পরিবেশমন্ত্রীর

​তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি বন্য হাতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, “মানুষের মৌলিক অধিকার নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। পাশাপাশি হাতিকেও সংরক্ষণ করতে হবে, যাতে উভয় দিক থেকেই সুফল পাওয়া যায়।”

​আজ ১০ অক্টোবর (শনিবার) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন শেরপুর ও ময়মনসিংহ বন বিভাগ যৌথভাবে “মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), গণমাধ্যমকর্মী ও হাতি সংরক্ষণে নিবেদিত সেচ্ছাসেবীদের সাথে” এই সভার আয়োজন করে।

​মন্ত্রী আরও জানান, ওই অঞ্চলে মানুষ ও হাতির সংঘাত কমাতে এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে একটি হাতির অভয়ারণ্য গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মতবিনিময় সভার আগে মন্ত্রী স্থানীয় প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে সীমান্ত এলাকার হাতি চলাচলের পথ (করিডোর) পরিদর্শন করেন।

​শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী।

​সভায় বক্তারা সীমান্তে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসন, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্য ও স্বেচ্ছাসেবী ছাড়াও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী হাতির আক্রমণে নিহত ক্ষতিগ্রস্ত পরিবার ও ইআরটি সদস্যদের মধ্যে চেক ও হাতি তাড়ানোর সরঞ্জাম বিতরণ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা