বদলগাছী,নওগাঁ থেকে আশিক হোসেন : নওগাঁর বদলগাছীতে জমি চাষের সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল প্রায় পাঁচটায় উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সোহাগী(৩)। সে উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মো সোহেল মন্ডলের মেয়ে।
স্থানীয়রা জানান, বাবার সঙ্গে মাঠে গিয়েছিল তিন বছরের শিশু সোহাগী। বাবা তখন পাওয়ার টিলার দিয়ে আলুর জমি চাষ করছিলেন। মেয়েকে রেখেছিলেন ক্ষেতের আইলে। হঠাৎ একটি শিয়াল দেখে ভয় পেয়ে বাবার কাছে ছুটে যাচ্ছিল শিশুটি। কিন্তু কাছে পৌঁছানোর আগেই চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে প্রাণ হারায় সে।
পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর গ্রামের কৃষক সোহেল মন্ডল পাওয়ার টিলার দিয়ে অন্যের জমিতে হালচাষ করেন। মঙ্গলবার বিকেলে তিনি জগন্নাথপুর মাঠে আলুর জমি চাষ করতে যাচ্ছিলেন। এ সময় বাবার সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরে সোহাগী। পরে মেয়েকে সঙ্গে নিয়েই মাঠে যান তিনি।
মাঠে গিয়ে সোহেল মন্ডল যখন জমি চাষ করছিলেন, তখন সোহাগীকে ক্ষেতের আইলে রাখা হয়। একপর্যায়ে ক্ষেত থেকে একটি শিয়াল বেরিয়ে এলে ভয় পেয়ে যায় শিশুটি। এরপর বাবার কাছে ছুটে যাওয়ার সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে যায় সে। এতে তার শরীর ক্ষতবিক্ষত হয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তিন বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন প্রতিবেশীরা।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
