লিটন পাঠান, হবিগঞ্জ : হবিগঞ্জ শহরের আমিরচাঁন কমপ্লেক্সের গ্যারেজ থেকে গাড়ি বের করার সময় গাড়ির চাপায় নিহা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর)২০২৬ বিকেলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আমিরচাঁন কমপ্লেক্সের গ্যারেজ থেকে দ্রুতগতিতে একটি গাড়ি বের করার সময় কমপ্লেক্সের ভেতরে থাকা শিশু নিহা গাড়ির নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা গাড়ির চালককে আটক করে আমিরচাঁন কমপ্লেক্সে আটকে রাখে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
নিহত শিশু নিহা হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামের আয়াত আলীর কন্যা। হঠাৎ এ দুর্ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
