শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য খুলে দেয়া হলো সাজেক ভ্যালি

নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য খুলে দেয়া হলো সাজেক ভ্যালি

জনতা ডেস্ক : বন্ধ ঘোষণার মাত্র কয়েক দিনের মাথায় অবশেষে পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হলো রাঙামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি। সাজেক ভ্রমণের ওপর জারি করা সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব পর্যটন কেন্দ্র উন্মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে সাজেক পুনর্নবীকরণের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়। এর আগে গত রোববার (১১ অক্টোবর) এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল রাঙামাটি জেলা প্রশাসন।

জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণ দেখিয়ে রোববার সন্ধ্যা ৬টা থেকে সাজেক সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সেখানে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘জেএসএস নামধারী কিছু সন্ত্রাসী সাজেকে অবস্থান করছে’—এমন দাবি তুলে গত রোববার সকালে ওই এলাকায় অবরোধের ডাক দেয় দুটি সংগঠন। দুপুরে সাজেক পর্যটক চলাচলের প্রধান সড়ক ‘গঙ্গারাম বাজার’ এলাকায় অবরোধের সৃষ্টি হলে বিপাকে পড়েন ভ্রমণে আসা পর্যটকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও আলোচনার সাপেক্ষে পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং নিরাপত্তা ঝুঁকি কেটে যাওয়ায় জেলা প্রশাসন পুনরায় সাজেক ভ্যালি পর্যটকদের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দিল। সাপ্তাহিক ছুটির ঠিক আগ মুহুর্তে সাজেক খুলে দেওয়ার এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, রিসোর্ট মালিক ও ভ্রমণপিয়াসীদের মধ্যে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা