লামা (বান্দরবান) থেকে মোঃ শাহাব উদ্দিন : বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদ্রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি (ইকো) সেবার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) এ সেবা চালুর মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে হৃদ্রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিমের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. সোলাইমানসহ , লামা প্রেস ক্লাব নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ করিম এলএলবি , সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম খন্দকার, সহ স্হানীয় গণমাধ্যম কর্মী।
ইকোকার্ডিওগ্রাফি হৃদ্যন্ত্রের গঠন, কার্যকারিতা, রক্ত সঞ্চালন এবং হৃদ্যন্ত্রের ভাল্ভের অবস্থা পরীক্ষা করার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এ পরীক্ষার মাধ্যমে হৃদ্যন্ত্রের বিভিন্ন সমস্যা শনাক্ত করতে চিকিৎসকেরা প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকেন। ফলে হৃদ্রোগের লক্ষণ দেখা দিলে রোগ নির্ণয় ও পরবর্তী চিকিৎসাপরিকল্পনা নির্ধারণে এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
লামা উপজেলার বিস্তীর্ণ জনপদের পাশাপাশি আশপাশের এলাকার মানুষও উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণের প্রয়োজন অনুভব করেন। হৃদ্রোগের পরীক্ষা করাতে দূরবর্তী শহরে যাতায়াত করতে হলে রোগী ও স্বজনদের সময়, অর্থ এবং শারীরিক ভোগান্তির সম্মুখীন হতে হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইকোকার্ডিওগ্রাফি সেবা চালু হওয়ায় এসব ভোগান্তি কমানোর সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
তবে এ সেবার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজন দক্ষ জনবল, প্রয়োজনীয় কারিগরি সহায়তা, নিয়মিত যন্ত্র রক্ষণাবেক্ষণ এবং রোগীদের জন্য সেবাপ্রাপ্তির সহজ সুযোগ নিশ্চিত করা। একই সঙ্গে সেবার মান বজায় রাখা ও নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখাও গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা, ইকোকার্ডিওগ্রাফি সেবা চালুর ফলে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার পরিধি আরও সম্প্রসারিত হবে এবং হৃদ্রোগে আক্রান্ত ও ঝুঁকিতে থাকা রোগীরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন।
স্থানীয় পর্যায়ে মানসম্মত চিকিৎসাসেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় এ উদ্যোগ লামার স্বাস্থ্যসেবায় ইতিবাচক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা এলাকাবাসীর।
