পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলারভূমি অফিসকে দালালমুক্ত করতে ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
এ সময় ভূমি অফিসে অবৈধভাবে দালালি করা এবং সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণার অভিযোগে খোরশেদুল হক নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত খোরশেদুল হক বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকার আবুল হাশেমের পুত্র।
পরে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে তাকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভূমি অফিসের নাজির উজ্জ্বল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। পটিয়া প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের দোরগোড়ায় হয়রানিমুক্ত ও দালালবিহীন সরকারি সেবা পৌঁছে দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
