শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

শালিখা (মাগুরা) থেকে ইয়াছিন মোল্যা : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরার শালিখায় বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

১৬ অক্টোবর (শুক্রবার) সকাল ১১ টায় শালিখা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের ওপর ন্যস্ত। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি।”

তিনি দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সনাতন ধর্মাবলম্বীরা যেন আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

একই সঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের সতর্ক ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুন্সি আনিচুর রহমান মিল্টন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সম্মানিত সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহাফুজুর রহমান,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ, উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ চন্দ্র বিশ্বাস।

এ ছাড়া অনুষ্ঠানে শালিখা থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পুলিশের তদন্ত কর্মকর্তা দেবব্রত।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা