শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আওয়ামীলীগ নেতার ছেলে পেলেন সার ডিলার নিয়োগের সুপারিশ, বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ

আওয়ামীলীগ নেতার ছেলে পেলেন সার ডিলার নিয়োগের সুপারিশ, বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ

আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ মতিউর রহমান মুন্সির ছেলে সোহাগ মুন্সি এবং হলদিয়া ইউনিয়নের আওয়ামীলীগ দোসর ওহাব খান পেলেন সার ডিলার নিয়োগ। এতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী তাদের। জানাগেছে,আমতলী উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় সার ডিলার নিয়োগের জন্য বরগুনা জেলা প্রশাসক গত ১৩ আগষ্ট বিজ্ঞপ্তি দেন।

বিজ্ঞপ্তি মোতাবেক আমতলী পৌরসভা ও সাতটি ইউনিয়নে ১০৯ জন আবেদন করেছেন। যাচাই বাছাই শেষে আমতলী উপজেলা সার ডিলার কমিটি ২৪ জন ব্যবসায়ীর তালিকা বরগুনা জেলা কমিটির কাছে প্রেরণ করেন। গত ৭ অক্টোবর জেলা কমিটির সুপারিশক্রমে আমতলী উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার সার ডিলার নিয়োগের সুপারিশ করেন। এ ডিলার নিয়োগ সুপারিশের পর বেড়িয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ক্ষোভে ফেটে পরে বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ আড়পাঙ্গাশিয়া ও হলদিয়া ইউনিয়নের আওয়ামীলীগ দোসররা সার ডিলার নিয়োগের সুপারিশ পেয়েছেন।

খোঁজ নিয়ে জানাগেছে, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি মোঃ মতিউর রহমান মুন্সির ছেলে সোহাগ মুন্সি সার ডিলার নিয়োগে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন গত ১৬ বছর আওয়ামীলীগ নেতা মতিউর রহমান মুন্সি দলের প্রভাবখাটিয়ে সুবিধা নিয়েছেন এখন আবার তার ছেলে নিবে। আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের কোন বিএনপির নেতাকর্মী নেই, তাই আওয়ামীলীগ নেতার ছেলেকে সারের ডিলার নিয়োগে সুপারিশ করা হয়েছে। তবে সার ডিলার সুপারিশপ্রাপ্ত সোহাগ মিয়া বলেন, তার বাবা অনেক আগে আওয়ামীলীগ করতেন এখন তিনি অবসর গেছেন। বর্তমানে কোন দলের রাজনীতি করেন না। তবে তিনি নিজেকে বিএনপির কর্মী বলে দাবী করেছেন।

অপর দিকে হলদিয়া ইউনিয়নের মোঃ ওহাব খাঁন সার ডিলার নিয়োগ পেয়েছেন কিন্তু তিনিও আওয়ামীলীগ দোসর। তিনি উপজেলা শ্রমিকলীগ সভাপতি হলদিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিকের সহচর এমন অভিযোগ বায়েজিদ মীরের। তার সঙ্গে ওহাব খানের একাধিক ছবি রয়েছে। আর তার ছেলে দুবাই প্রবাসী মোঃ সোহেল খাঁন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরগুনা জেলা আওয়ামীলীগ নেতা মশিউর রহমান শিহাবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য পোষ্ট করেছেন এমন অভিযোগ রাহাত, সুজনসহ একাধিক ব্যক্তির।

তবে মোঃ ওহাব খান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, বরগুনা জেলার বিএনপি নেতাদের আর্শ্বিবাদে সারের ডিলার নিয়োগের সুপারিশ পেয়েছি। তবে তিনি কোন রাজনীতি করেন না এবং তার ছেলে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবী করেন তিনি।

আমতলী উপজেলা কৃষকদল সভাপতি মোঃ জাহাঙ্গির হোসেন বলেন, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের সার ডিলার নিয়োগ পেয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ মতিউর রহমান মুন্সির ছেলে সোহাগ মুন্সি। তিনি কিভাবে পেয়েছেন তা তিনি জানেন না? বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম মোঃ বদরুল আলম বলেন, সার ডিলার নিয়োগের সুপারিশ নিয়ে অনেক অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা প্রমানিত হলে ব্যবস্থা নেয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা