ভোলা থেকে, মোঃ এরশাদুল ইসলাম আজাদ : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দুই সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৬০) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরোও অন্তত ছয়জন(৬) গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের উপজেলার দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মুন্সিবাড়ির মৃত রেজু মুন্সীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে দালাল বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি অটোরিক্সার চালক মোহাম্মদ আলী ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে শিশুসহ আরো ৬ যাত্রী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
