শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীপুরে খালে মরা মুরগি ফেলার সময় হাতেনাতে ধরে পুলিশে দিলেন এমপি বাচ্চু

শ্রীপুরে খালে মরা মুরগি ফেলার সময় হাতেনাতে ধরে পুলিশে দিলেন এমপি বাচ্চু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম (বাচ্চু) এক অনন্য নজির স্থাপন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় লবলং খালের ওপর অবৈধভাবে মরা মুরগি ফেলার সময় নিজের গাড়িবহর থামিয়ে হাতেনাতে অপরাধীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন তিনি। জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে তার এমন আকস্মিক ও কঠোর পদক্ষেপের এমন ভিডিও স্থানীয় মহলে ব্যাপক প্রশংসার কুড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে গাজীপুর-৩ আসনের বিভিন্ন এলাকার নদী খালে জলাশয়ে একটি চক্র গোপনে ক্ষতিকর মরা মুরগি ও বর্জ্য ফেলে আসছিল। এতে একদিকে যেমন তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল, অন্যদিকে মারাত্মক হুমকির মুখে পড়ছিল এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শুক্রবার( ১৬ অক্টোবর) দুপুরের দিকে গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি একটি নিয়মিত কর্মসূচিতে যাওয়ার পথে লবলং খাল সংলগ্ন এলাকা অতিক্রম করছিলেন। এ সময় পিকআপ থেকে খালের ওপর মরা মুরগি ফেলার দৃশ্য তার নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে নিজের গাড়ি থামিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং সংশ্লিষ্টদের এই জঘন্য কর্মকাণ্ডে বাধা দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় জড়িতদের আটক করে তাৎক্ষণিকভাবে পুলিশে সোপর্দ করার নির্দেশ দেন তিনি।

এ বিষয়ে স্থানীয় পরিবেশবিদ ও সচেতন মহল মনে করছেন, জনপ্রতিনিধিদের এমন সরাসরি ও দায়িত্বশীল ভূমিকা অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বড় ধরনের বার্তা দেয়। নদী এ খাল রক্ষা এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই পজিটিভ পরিবর্তন ও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

পুলিশ সূত্রে জানা গেছে, এমপি মহোদয়ের নির্দেশে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এলাকার পরিবেশ সুরক্ষায় এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা