রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার মূল হোতা সলিম উল্লাহ গ্রেপ্তার

কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার মূল হোতা সলিম উল্লাহ গ্রেপ্তার

রিয়াজ উদ্দিন, কক্সবাজার : কক্সবাজার সদর থানায় দায়ের করা ৩ লাখ পিস ইয়াবা উদ্ধারের চাঞ্চল্যকর মামলার প্রধান পরিকল্পনাকারী ও ১ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি মো. সলিম উল্লাহকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এসআরবি-১৫-এর ১৮ অক্টোবর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, বহুল আলোচিত ৩ লাখ পিস ইয়াবা চোরাচালান ও উদ্ধারের ঘটনার প্রধান পরিকল্পনাকারী ও সমন্বয়কারী সলিম উল্লাহ চকরিয়া এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে তার অবস্থান নিশ্চিত করে ডুলাহাজারা বাজারে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ঘিরে ফেলে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সলিম উল্লাহর বিরুদ্ধে সংঘবদ্ধ আঞ্চলিক মাদক চোরাচালান চক্রের সমন্বয়ক হিসেবে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য পাচারের পরিকল্পনা ও পরিচালনার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার সলিম উল্লাহ কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব মুড়াপাড়া এলাকার খুইল্লা মিয়ার ছেলে। তার মায়ের নাম সুফিয়া খাতুন।

এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধ ও অপরাধীদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা