কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল : লক্ষ্মীপুর -৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজানের বিশেষ উদ্যোগে কমলনগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং নগদ অর্থ ও বস্ত্র (শাড়ি) বিতরণ করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গোৎসব মণ্ডপে সরজমিনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে হুইপ আশরাফ উদ্দিন নিজান এমপি মণ্ডপগুলোর সার্বিক শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তার খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, “বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের নয়, উৎসবে পরিণত হয়েছে। উৎসবটি যেন সবাই নিরাপদে ও আনন্দের সাথে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।”
এ সময় কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাদুর জামান, সার্কেল শামসুল হক, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপে আর্থিক অনুদান ও নতুন শাড়ি উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় আয়োজক কমিটি ও সুবিধাভোগীরা। তারা হুইপ আশরাফ উদ্দিন নিজান এমপি-র এই সম্প্রীতিমূলক উদ্যোগ ও সার্বিক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
