মেহেদী হাসান সিরাজী মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ৩০ বোতল ভারতীয় কাশির সিরাপ উদ্ধার করেছে ৫৮ বিজিবি ।
রোববার (১৮ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার কাজীরবেড় ইউনিয়নের পাকরাইল কবরস্থানের পাশ থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ১৮ অক্টোবর ভোর ৫টার দিকে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের বি-কোম্পানির সামন্তা বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৫৪/২৬-এর আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার ৭ নম্বর কাজীরবেড় ইউনিয়নের পাকরাইল কবরস্থানের পাশে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি নাইলনের ব্যাগ দেখতে পেয়ে তল্লাশি করা হয়।
ব্যাগটি থেকে ৩০ বোতল ভারতীয় উইনসেরেক্স (Win Cerrex) কাশির সিরাপ, খাকি রঙের কসটেপে মোড়ানো কাঠের বাটযুক্ত একটি বিদেশি জাপানি পিস্তলের ম্যাগাজিন এবং একইভাবে মোড়ানো দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা গুলির গায়ে ‘৭.৬৫’ ও ‘KF’ লেখা রয়েছে।
পরে বিজিবি সদস্যরা উদ্ধার করা মালামাল জব্দ করেন।
অস্ত্র মহেশপুর থানায় জমা দেয়া হয়েছে। বিষয়টি ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান নিশ্চিত করেছে।
