রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মহেশপুর-হাসাদাহ সড়কে বজ্রপাত নিরোধে শতাধিক তালের চারা রোপণ

মহেশপুর-হাসাদাহ সড়কে বজ্রপাত নিরোধে শতাধিক তালের চারা রোপণ

মেহেদী হাসান সিরাজী মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুর-হাসাদাহ সড়কের পাশে ব্যক্তি উদ্যোগে শতাধিক তালের চারা রোপণ করা হয়েছে। মমিনুল ইসলাম ডাব্লু ও তাঁর এক সহযোগীর উদ্যোগে এ চারা রোপণ করা হয়।

রোববার সকালে(১৮ অক্টোবর-২৬) মহেশপুর-হাসাদাহ সড়কের বিভিন্ন স্থানে এসব তালের চারা রোপণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেওয়া হচ্ছে, অন্যদিকে পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখার আশা করছেন স্থানীয়রা।

চারা রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির বিএনপির সভাপতি ফারুক হোসেন খান উপজেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল ওয়াহেদ স্থানীয় ইউপি সদস্য তারিক, হাবিজুর রহমান এবং বন বিভাগের মহেশপুর জোনের ফরেস্টার প্রণব কুমার মহন্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্যোক্তা মমিনুল ইসলাম ডাব্লু বলেন, ব্যক্তিগত উদ্যোগে একজন সহযোগীকে সঙ্গে নিয়ে তিনি তালের চারা রোপণ কার্যক্রম শুরু করেছেন। চলতি বছর প্রায় ১০০টি বা তারও বেশি তালের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।

ভবিষ্যতেও মহেশপুর-হাসাদাহ সড়কের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে আরও তালের চারা রোপণ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান তিনি।

কর্মসূচিতে উপস্থিত অতিথিরা বলেন, তালের চারা রোপণের মতো পরিবেশবান্ধব উদ্যোগ বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদে সহায়ক হতে পারে। পাশাপাশি এসব গাছ বড় হলে এলাকার পরিবেশের উন্নয়ন ঘটবে এবং মানুষও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত হবে। এ ধরনের মহৎ উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

উল্লেখ্য, তালের গাছ বজ্রপাতের ঝুঁকি কমানোর উদ্যোগের অংশ হিসেবে বিবেচিত হলেও শুধু তালের চারা রোপণ করলেই বজ্রপাত থেকে সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত হয় না। এ জন্য জনসচেতনতা বৃদ্ধি ও বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকাও জরুরি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা