পটিয়া চট্টগ্রাম থেকে সেলিম চৌধুরী: চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শোভনদণ্ডী ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ আলাউদ্দীন।
গত ১৯ অক্টোবর (সোমবার) রাতে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বি এবং বিপুল সংখ্যক তরুণ সমর্থকদের সাথে নিয়ে শোভনদণ্ডী ইউনিয়নের প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় মণ্ডপগুলোতে সর্বস্তরের মানুষের, বিশেষ করে তরুণ ও মুরুব্বিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিদর্শনকালে তিনি উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে মণ্ডপ কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করেন।
পূজা মণ্ডপ পরিদর্শনের সময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ভক্তদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ আলাউদ্দীন বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। শোভনদণ্ডী ইউনিয়নে আমরা আবহমান কাল ধরে সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছি। এই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আগামীতেও বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।তিনি আরও যোগ করেন, আগামীতে শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদকে একটি দুর্নীতি ও হয়রানিমুক্ত মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। দল-মত-ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য। তার এই জনমুখী বক্তব্য ও সম্প্রীতির বার্তা উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং সবার মন জয় করেছে। মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ আলহাজ্ব মোহাম্মদ আলাউদ্দীনের এই আন্তরিক উদ্যোগের প্রশংসা করেন এবং তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
