মেহেদী হাসান সিরাজী মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: আগামী ৩১ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করার উদ্দেশ্যে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১ নম্বর এসবিকে ইউনিয়নের খালিশপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই।
সভায় আরও উপস্থিত ছিলেন ১ নম্বর এসবিকে ইউনিয়ন জামায়াতের আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান আহম্মদ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শরিফুজ্জামান শাওনসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।
সভায় আগামী ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচির প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাই বলেন, “একটি সুন্দর বাংলাদেশ গড়তে এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে তেল, সার, গ্যাস ও বিদ্যুতের সংকট মোকাবিলা করা প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে ঘোষিত লংমার্চ কর্মসূচিতে সবার অংশগ্রহণ করা উচিত।”
তিনি আরও বলেন, দেশের মানুষ বুঝতে পেরেছে, বর্তমান সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে দেশের মানুষ গণতান্ত্রিকভাবে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেবে বলে তিনি মন্তব্য করেন।
