৯
জনতা ডেস্ক : সেইরা উপত্যকার ওপরে অবস্থিত ফাজাও গ্রামটি পর্যটকদের কোলাহল থেকে বেশ দূরে এবং শান্ত। এর ঠিক ওপরেই দাঁড়িয়ে আছে পেনেদোস দে ফাজাওয়ের খাঁড়া ও রোমাঞ্চকর পাথুরে পাহাড়। সেখানকার শিস্ট পাথরের ঘরগুলোতে কয়েক শতক ধরে জীবন চলছে অত্যন্ত ধীর ও শান্ত ছন্দে। ফাজাও গ্রামে পাহাড়গুলো যেন প্রহরীর মতো পাহারা দিয়ে রাখে চারপাশের ঘরবাড়ি। যাঁরা ক্লাইম্বিং বা পর্বতারোহণ করতে পছন্দ করেন, তাঁদের জন্য এই পাহাড়ের চূড়া থেকে চারপাশের ভিউ এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে সারা জীবনের জন্য। ২০০৩ সালের সেপ্টেম্বর মাস থেকে গ্রামটিতে ব্যাপক সংস্কারকাজ শুরু হয়। গ্রামের ঐতিহ্য রক্ষায় সাধারণ বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন এবং আধুনিক কৃত্রিম অংশগুলো ভেঙে ঐতিহ্যবাহী শিস্ট শৈলীতে গ্রামটিকে পুনর্নির্মাণ করেন।
