সোমবার | নভেম্বর ২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সারাদেশে যত খুন হয়, তার অর্ধেকই নরসিংদীতে

সারাদেশে যত খুন হয়, তার অর্ধেকই নরসিংদীতে

নরসিংদী প্রতিনিধিঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ বলেছেন, নরসিংদী একটি অপরাধপ্রবণ এলাকা। এখানে অপরাধের মাত্রা তুলনামূলক বেশি। তাঁর দাবি, সারাদেশে সংঘটিত মোট হত্যাকাণ্ডের অর্ধেকই ঘটে নরসিংদী জেলায়।

শনিবার (৩১ অক্টোবর) নরসিংদীতে মানবপাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সহায়তায় বাংলাদেশ জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামো বিষয়ে জেলা পর্যায়ে আয়োজিত এক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জিয়াউদ্দিন আহমেদ আরও বলেন, নরসিংদীর রায়পুরা উপজেলা ও বিভিন্ন চরাঞ্চল তুলনামূলক বেশি অপরাধপ্রবণ।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, একসময় নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এছাড়া রায়পুরা উপজেলাতেও প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

পুলিশের দায়িত্ব ও কর্মব্যস্ততার বিষয়ে তিনি বলেন, পুলিশের দায়িত্বের কোনো শেষ নেই। এত ধরনের কাজ সামলানোর পর কখন তারা ঘুমানোর সময় পায়, তা হিসাব করাও কঠিন। এর মধ্যে সরকার নতুন করে আরও একটি দায়িত্ব দিয়েছে। তবে এ কাজগুলো পুলিশ আগে থেকেই করে আসছে। এখন সেগুলোর আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহ. শাহনুর জামান এবং সহকারী কমিশনার (প্রবাসী কল্যাণ শাখা) মো. খালিদ হোসেন শিমুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা