রবিবার | নভেম্বর ১, ২০২৬
প্রচ্ছদ খেলা কাউখালীতে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাউখালীতে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির কাউখালীতে উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা। ফাইনালে কাউখালী সদর স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তালুকদার পাড়া স্পোর্টিং ক্লাব।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় কাউখালী উপজেলা পরিষদ মাঠে উপজেলা ছাত্রদলের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে উভয় দল গোলশূন্য ড্র করলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে জয় নিশ্চিত করে তালুকদার পাড়া স্পোর্টিং ক্লাব। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন হাজারো ফুটবলপ্রেমী দর্শক।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সদস্যসচিব ফিরোজ মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা পরিষদ সদস্য পাইচিং মং মরমা, কাউখালী থানার (ওসি) এনামুল হক চৌধুরী, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবু বকর তারা মিয়াসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খেলা শেষে অতিথিরা বিজয়ী তালুকদার পাড়া স্পোর্টিং ক্লাব ও কাউখালী সদর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে ট্রপি চ্যাম্পিয়ন ও রানারআপের নির্ধারিত অর্থ পুরস্কার এবং অন্যান্য পুরস্কার তুলে দেন।

এ সময় বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে তরুণদের নিয়মিত ক্রীড়াচর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তাঁরা।

সভাপতির বক্তব্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান বলেন, একটি সুশৃঙ্খল ও সুন্দর টুর্নামেন্ট আয়োজন করতে পেরে তাঁরা আনন্দিত। টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় কাউখালী থানা পুলিশ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা