মঙ্গলবার | নভেম্বর ৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ হবিগঞ্জে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা মেহেদীসহ কাভার্ড ভ্যান আটক

হবিগঞ্জে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা মেহেদীসহ কাভার্ড ভ্যান আটক

লিটন পাঠান, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদীসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা পণ্য ও কাভার্ড ভ্যানের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা। গত ১-নভেম্বর বিকেল ৪টা ১০ মিনিটের দিকে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। মঙ্গলবার (৩-নভেম্বর)২০২৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায় একটি কাভার্ড ভ্যানে ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল অভিযানে নামে। সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে কাভার্ড ভ্যানের চালক বিজিবির অভিযানের বিষয়টি বুঝতে পেরে মুক্তিযোদ্ধা চত্বর থেকে প্রায় ৩০০ মিটার আগে সড়কের পাশে গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদী উদ্ধার করা হয়।

এ ঘটনায় চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও পণ্য জব্দ করা হয়েছে। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক পাচার প্রতিরোধ ও সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানায়, চলতি বছর হবিগঞ্জ ব্যাটালিয়নের চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৬৩ কোটি টাকার বেশি মূল্যের মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে ২৬ জন আসামিকে আটক করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা