বৃহস্পতিবার | নভেম্বর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা শ্রমিক আন্দোলনে উসকানি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আশুলিয়ায় তিন শ্রমিক নেতা আটক

শ্রমিক আন্দোলনে উসকানি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আশুলিয়ায় তিন শ্রমিক নেতা আটক

সাভার থেকে, ফাহাদ-ই-আজম : সাভার-আশুলিয়ায় তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে চলমান আন্দোলনে উসকানি দেওয়া এবং শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার জিরাবো ও বসুন্ধরা-সোনিয়া মার্কেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮), জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আ. হালিম (৩৭) এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী (৪৬)।

ডিবি ওসি জানান, চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জিরাবো এলাকা থেকে শামীমকে এবং বসুন্ধরা-সোনিয়া মার্কেট এলাকা থেকে হালিম ও মনসুর আলীকে আটক করা হয়েছে।

ডিবির এই কর্মকর্তা আরও জানান, আটক তিনজনকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা