শনিবার | নভেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদ রাজনীতি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানালেন এমপি মানিকের

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানালেন এমপি মানিকের

চাঁদপুর থেকে এ কে আজাদ : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা করেছে জেলা বিএনপি। সভায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং বিএনপির নাম ব্যবহার করে কোনো ধরনের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা ধারণ করেই বিএনপি এগিয়ে যাচ্ছে। দেশ ও জনগণের কল্যাণে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। পাশাপাশি নতুন করে নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অপশক্তি যেন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে এমপি মানিক বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ উচ্ছৃঙ্খল আচরণ, বিশৃঙ্খলা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে রাজনীতি করতে হবে।

তিনি আরও বলেন, দলের মধ্যে কোনো বিভেদ, হিংসা কিংবা ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়া যাবে না। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, মো. খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু ও ডি.এম. শাহজাহান; চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ; সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা