মোঃ রাশেদুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে খাসজমি বন্দোবস্তের দাবিতে বার্ষিক আঞ্চলিক ভূমিহীন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চর মাকসুমুল গ্রামের কামাল বাজারে ‘নিজেরা করি’ এনজিওর উদ্যোগে আক্তার মিয়ার হাট ভূমিহীন অঞ্চল সমিতি এ সম্মেলনের আয়োজন করে।
আক্তার মিয়ার হাট ভূমিহীন অঞ্চল সমিতির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন ‘নিজেরা করি’র চট্টগ্রাম বিভাগীয় সংগঠক মতিউর রহমান, বৃহত্তর চরক্লার্ক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আলম সেলিম, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ, নোয়াখালী জেলা জজ কোর্টের অ্যাডভোকেট এনাম হোসেন মঞ্জুর,সুবর্ণচর উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ‘নিজেরা করি’র কর্মসূচি সংগঠক মোশাররফ হোসেন, সুবর্ণচর উপজেলা ছাত্রদল নেতা তানভীর আহমেদ পলক, গ্রাম কমিটির সভাপতি মো. আলমগীর, ভূমিহীন নেত্রী কুলছুমা আক্তার, ভূমিহীন নেতা আনোয়ার হোসেন ও স্থানীয় মহিলা নেত্রী আকলিমা খাতুনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
সম্মেলনে এক হাজারের ও অধিক ভূমিহীন পরিবারের সদস্য অংশগ্রহণ করেন। এ সময় ভূমিহীনরা জানান, তাঁরা প্রায় ২৫ থেকে ২৬ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন। নিজেদের উদ্যোগে বন-জঙ্গল পরিষ্কার করে জমি বসবাসের উপযোগী করলেও এখনো স্থায়ীভাবে জমির মালিকানা পাননি। তাঁদের অভিযোগ, কিছু খাসজমি অনৈতিকভাবে বন্দোবস্ত নিয়ে একটি পক্ষ তাঁদের নিয়মিত হুমকি দিয়ে আসছে। বিভিন্ন সময়ে সরকারি আশ্বাস পাওয়া গেলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই দীর্ঘদিন ধরে বসবাসরত প্রকৃত ভূমিহীন পরিবারের নামে দ্রুত খাসজমি বন্দোবস্তের দাবি জানান তাঁরা।
বক্তারা বলেন, ভূমিহীন মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দীর্ঘদিন ধরে বসবাস করে আসা প্রকৃত ভূমিহীনদের জমির অধিকার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে খাসজমি নিয়ে অনিয়ম ও অবৈধ দখলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।
এ সময় বক্তারা এলাকার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষার প্রসার এবং ভূমিহীন নারীদের বিভিন্ন সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আরও বলেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান ভূমিহীনদের জমি বন্দোবস্তের বিষয়ে কাজ করার চেষ্টা করছেন। ভূমিহীনদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি ‘নিজেরা করি’ সংগঠনটি দীর্ঘদিন ধরে ভূমিহীন মানুষকে সংগঠিত করে তাঁদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বলেও উল্লেখ করেন তাঁরা।
সম্মেলনে বসবাসরত প্রকৃত ভূমিহীনদের নামে খাসজমি বন্দোবস্ত, বাল্যবিয়ে প্রতিরোধ, যৌতুক প্রথা বন্ধ এবং ভূমিদস্যু ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে সামাজিক অসংগতি তুলে ধরে ‘সমাজের হালচাল’ শিরোনামে একটি নাটক পরিবেশন করা হয়। পরে আক্তার মিয়ার হাট ভূমিহীন অঞ্চল সমিতির নতুন ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে দেলোয়ার হোসেনকে সভাপতি, আবু জাফরকে সাধারণ সম্পাদক এবং জামাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
