মঙ্গলবার | নভেম্বর ১০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মাগুরা প্রতিনিধি: মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভেতর থেকে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে কলেজের পুরাতন ৫ নম্বর ভবনের সামনে একটি মিষ্টির ডিব্বার ভেতরে রাখা সন্দেহজনক বস্তুটি দেখতে পান কলেজসংশ্লিষ্টরা। পরে কলেজের অধ্যক্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে পুলিশ।

কলেজ কর্তৃপক্ষ জানায়, মিষ্টির ডিব্বার ভেতরে লাল টেপে মোড়ানো অবস্থায় বস্তুটি পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পরপরই কলেজের অধ্যক্ষ পুলিশকে খবর দেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলফাজ উদ্দীন বলেন, ‘একটি মিষ্টির ডিব্বার ভেতরে লাল টেপে মোড়ানো বস্তু দেখা গেছে। এটি বোমা কি না, তা আমরা নিশ্চিত নই। কলেজে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এমন বস্তু পাওয়ার বিষয়টি উদ্বেগজনক।’

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করেন মাগুরা সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি বোমাসদৃশ বলে ধারণা করা হচ্ছে।

তবে উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কে বা কারা কলেজের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে বস্তুটি রেখে গেছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা উদ্ঘাটন করা সম্ভব হয়নি।

শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজের স্বাভাবিক পাঠদান কার্যক্রম চলাকালে এমন সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। বস্তুটির প্রকৃত পরিচয় শনাক্ত, ঘটনার উৎস অনুসন্ধান এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা