জনতা ডেস্ক : ১১ নভেম্বর বুধবার আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন হাজারো মানুষের আবেগ ও আশার গল্প তৈরি হয়। কিন্তু সকাল আনুমানিক সাতটায় ক্যানোপি-০২ এলাকায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। একজন সহযাত্রীর শিশু বাচ্চার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে সুমাইয়া আক্তার (২২) নামে এক নারী ছিনতাইকারী পালানোর চেষ্টা করে। এই নির্মমতা দেখে ভুক্তভোগী পরিবারের চিৎকার মুহূর্তেই পুরো পরিবেশকে ভারী করে তোলে।
ঠিক সেই মুহূর্তে দৃশ্যপটে আসেন অঙ্গীভূত আনসার সদস্যরা। চিৎকার শুনে ক্যানোপি-০২ এলাকায় ডিউটিরত ইনচার্জ পিসি মোঃ আলতাফ হোসেন, এপিসি মোঃ মতিয়ার রহমান এবং সাহসী নারী আনসার কমলা বেগম ও রিপা আক্তার দ্রুত ছুটে যান। ঘটনা শুনে তারা এক মুহূর্তও নষ্ট না করে ছিনতাইকারীকে ধাওয়া করেন এবং বটতলা কার পার্কিং এলাকা থেকে আটক করেন। মানুষের বিপদে এই যে তাৎক্ষণিক দায়িত্বশীল ও পেশাদার সাড়া, এটাই বাংলাদেশ।
সঠিক যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত স্বর্ণের চেইনটি ভুক্তভোগী পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। শিশুর মুখে হাসি ফেরানোর পর, বিমানবন্দর ডিওসি অফিসারের অনুমতিক্রমে আটককৃত সুমাইয়াকে আইনগত ব্যবস্থার জন্য ম্যাজিস্ট্রেট কোর্টে হস্তান্তর করা হয়। অপরাধের তাৎক্ষণিক এই বিচারিক প্রক্রিয়া আমাদের আইনি ব্যবস্থার প্রতি আস্থা আরও বাড়িয়ে দেয়।
আনসার বাহিনীর এই নিষ্ঠা ও পেশাদারিত্ব শুধু একটি দায়িত্ব পালন নয়, এটি দেশের বিমানবন্দরগুলোতে সাধারণ মানুষের নিরাপত্তাবোধ, আস্থা ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জননিরাপত্তা ও সুরক্ষায় অঙ্গীকারাবদ্ধ।
