মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের বাজারে দীর্ঘদিন ধরেই অস্থিরতা ও সিন্ডিকেটের প্রভাবের অভিযোগ রয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে ১২ কেজির গ্যাস সিলিন্ডার। বর্তমানে বিভিন্ন দোকানে প্রতি সিলিন্ডার ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এতে রান্নার জ্বালানির বাড়তি খরচ সামলাতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নভেম্বর ২০২৬ মাসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের খুচরা দাম ২ হাজার ৬০ টাকা। অথচ বাজিতপুরে একই সিলিন্ডার ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হলে নির্ধারিত দামের চেয়ে ৪৪০ টাকা বেশি দিতে হচ্ছে ক্রেতাদের। অর্থাৎ প্রতি সিলিন্ডারে প্রায় ২১ শতাংশ অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।
স্থানীয় ক্রেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজিতপুরের গ্যাসের বাজারে একটি সিন্ডিকেটের প্রভাব চলে আসছে। শুধু পৌর শহর নয়, উপজেলার বিভিন্ন বাজারেও সিন্ডিকেটের প্রভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত মূল্য থাকলেও বাস্তবে সেই দামে গ্যাস পাওয়া যাচ্ছে না। দোকানে দোকানে ঘুরেও নির্ধারিত দামে সিলিন্ডার না পেয়ে বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। এতে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাসিক ব্যয়ে বাড়তি চাপ তৈরি হয়েছে।
অন্যদিকে খুচরা বিক্রেতারা বলছেন, তাঁরা নিজেরাও নির্ধারিত দামে গ্যাস কিনতে পারছেন না। কোম্পানি বা ডিলার পর্যায় থেকে তাঁদের অতিরিক্ত দাম দিয়ে সিলিন্ডার কিনতে হচ্ছে। বেশি দামে কিনে সরকার নির্ধারিত দামে বিক্রি করলে লোকসান গুনতে হবে। তাঁদের দাবি, সরবরাহ ব্যবস্থায় সক্রিয় সিন্ডিকেটের কাছে তাঁরাও অসহায়। ফলে অতিরিক্ত দামে গ্যাস কিনে এনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে, সরকার নির্ধারিত মূল্য কার্যকর থাকলেও সরবরাহ পর্যায়ে কারা অতিরিক্ত দাম আদায় করছে? কোম্পানি, ডিলার ও খুচরা বিক্রেতাদের মধ্যবর্তী সরবরাহ ব্যবস্থায় কোথায় মূল্যবৃদ্ধি হচ্ছে, তা খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।
দীর্ঘদিন ধরে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগ থাকলেও বাজারে প্রশাসনের কার্যকর উদ্যোগ ও নিয়মিত মনিটরিং চোখে পড়ছে না বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, বাজারে নিয়মিত তদারকি, মূল্যতালিকা যাচাই এবং অতিরিক্ত দাম আদায়কারীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দীর্ঘস্থায়ী হচ্ছে। উপজেলার প্রতিটি বাজারে গ্যাসের সরবরাহ ও বিক্রয়মূল্য তদারকির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নাছরীন আক্তারের সরকারি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা পাঠিয়ে বাজারে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি এবং সিন্ডিকেটের অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হয়। পরে তিনি বিষয়টি দেখছেন বলে জানান।
তবে স্থানীয়দের প্রত্যাশা, বিষয়টি শুধু দেখার আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে কোম্পানি ও ডিলার পর্যায়ে গ্যাসের ক্রয়মূল্য, সরবরাহ এবং খুচরা বিক্রয়মূল্য যাচাই করে অতিরিক্ত দাম আদায়ের প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে। সিন্ডিকেটের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।
সরকার নির্ধারিত দামে এলপিজি গ্যাস বিক্রি নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। তাই বাজিতপুর উপজেলার প্রতিটি বাজারে নিয়মিত মনিটরিং, সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা এবং অতিরিক্ত দাম আদায় বন্ধে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ এখন সময়ের দাবি।
