মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোন দায়িত্বপূর্ণ এলাকায় শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার উদ্যোগ গ্রহণ করে আসছে।
এরই ধারাবাহিকতায় বলবান ৩৪ লংগদু জোনের উদ্যোগে লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম ত্বরান্বিত করণে ৪ লক্ষ টাকা অনুদান প্রদান এবং যাতায়াতের জন্য রাস্তা সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ১১ নভেম্বর (বুধবার) সকাল ১০টায় লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম চালু ও অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় লংগদু জোন কর্তৃক কলেজের অনুকূলে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা অনুদান প্রদান করেন লংগদু জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালিদ মাহরুস।
এসময়ে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, লংগদু সরকারি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুছা তালুকদার, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খানসহ শিক্ষক, সাংবাদিক, কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থী, স্থানীয় চেয়ারম্যান, হেডম্যান, কারবারী, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, কলেজটির শিক্ষা কার্যক্রম চালুর প্রয়োজনীয় শর্ত পূরণে উক্ত অর্থ কলেজের ব্যাংক হিসাবে উত্তোলন অযোগ্য মূলধন হিসেবে সংরক্ষণ করা হবে এবং এর ফলে লংগদু কলেজ পূর্ণরুপে তাদের পাঠদান কার্যক্রম শুরু করতে সক্ষম হবে।
লংগদু জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালিদ মাহরুস বলেন, শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। এ ধরনের শিক্ষা ও জনকল্যাণ মূলক উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি সকলের মাঝে সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যাশা করে।
তিনি আরও জানান, লংগদু জোন এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে চালু রাখতে অঙ্গীকারবদ্ধ।
