শুক্রবার | নভেম্বর ১৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কলাতলীর আবাসিক হোটেলে ফের আগুন, আতঙ্কে শতাধিক পর্যটক

কলাতলীর আবাসিক হোটেলে ফের আগুন, আতঙ্কে শতাধিক পর্যটক

রিয়াজ উদ্দিন, কক্সবাজার: কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে আবারও আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরের কলাতলী এলাকার ‘কক্স অ্যাম্বাসেডর’ নামের একটি আবাসিক হোটেলের অষ্টম তলায় আগুন লাগে। এ সময় হোটেলটিতে শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোটেলটির অষ্টম তলার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে হোটেলটিতে অবস্থানরত শতাধিক পর্যটক দ্রুত নিচে নেমে আসেন। একই সঙ্গে আশপাশের হোটেলের পর্যটক ও স্থানীয় বাসিন্দারাও নিরাপত্তার স্বার্থে রাস্তায় অবস্থান নেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হোটেলটির অষ্টম তলার একটি কক্ষে এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সর্বশেষ গত মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। এতে অন্তত চারটি বসতঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে গত ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে, গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠ, বাঁশ ও টিন দিয়ে তৈরি দুইতলাবিশিষ্ট টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়। ভোরে পর্যটকরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন ছড়িয়ে পড়লে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।

পর্যটননির্ভর কক্সবাজারে ধারাবাহিক এসব অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল-মোটেল ও পর্যটন স্থাপনাগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হোটেলগুলোতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম, জরুরি বহির্গমন পথ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে কার্যকর রাখার দাবি উঠছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা