শরিফ মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে কাফনের গোলাপজল ও রহস্যজনক চিরকুট পাঠিয়ে দেয়া হয়েছে হুমকি ধামকি। বাড়িতে দেয়া হচ্ছে আগুন। দৌলতপুরে দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট রেখে গেছে দুর্বৃ’ত্তরা। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ্য করে ১০-১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা লেখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আত’ঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অপর দিকে গতরাত ১ টার দিকে এনসিপি নেত্রী কুষ্টিয়া দৌলতপুর-১ আসনের সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুম এর বাড়িতে অগ্নিসংযোগ এর ঘটনা ঘটেছে। এতে এলকায় চরম উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে।
এলাকাবাসী জানান, বুধবার সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং জসিম উদ্দিনের ছেলে মনি ডাক্তারের (৪২) বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট রেখে গেছে দুর্বৃ’ত্তরা। পৃথকভাবে এসব সামগ্রী পড়ে থাকতে দেখা যায়।
রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ি দুটিতে এসব সামগ্রী রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও চিরকুট দেখতে পান।
বাচ্চু মালিথার বাড়িতে রেখে যাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’
অন্যদিকে, মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’
ভুক্তভোগী মনি ডাক্তার বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখি। কে বা কারা এসব রেখে গেছে, তা জানি না। বিষয়টি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলেও এখনই বিস্তারিত বলতে চাচ্ছি না। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় এসেছি।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এমন ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
রাতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এনসিপি নেতাদের অভিযোগ, পরিকল্পিতভাবে সেখানে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে।
বুধবার দিবাগত রাত ১২টার পর উপজেলার বাগোয়ান গ্রামে এমপির পৈতৃক বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি কক্ষ ও দুটি ছাগল পুড়ে গেছে।
দেলোয়ার হোসেন আরও জানান, এমপি নুসরাত তাবাসসুমের মা-বাবা ঘটনাস্থল থেকে ২০-৩০ হাত দূরে একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় থাকেন। সেখানে আগুন ছড়ায়নি এবং পরিবারের কেউ দগ্ধ হননি। তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও পুলিশের তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
অগ্নিকাণ্ডের এই ঘটনাকে ‘আওয়ামী সন্ত্রাসীদের পেট্রোল বোমা হামলা’ বলে অভিযোগ করেছে এনসিপি। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও এনসিপির মিডিয়া সেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
এমপি নুসরাত তাবাসসুমের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলে এনসিপির সহ-যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান কল রিসিভ করে ঘটনার বিস্তারিত জানান। তিনি অভিযোগ করেন, রাত ১২টার পর মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমাগুলো টিনের চাল, গবাদিপশুর শেড ও বাড়ির উঠানে পড়ে।
ওয়াহিদুজ্জামানের দাবি, ঘটনার সময় বাড়িতে এমপির বাবা-মা, চাচাতো ভাই-বোন ও ভাবিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। হামলায় তাঁরা কমবেশি আঘাত পেয়েছেন এবং শেডে আগুন ধরে গবাদিপশু মারা গেছে।
খবর পেয়ে রাতেই ঢাকা থেকে গাড়িতে করে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছেন এমপি নুসরাত তাবাসসুম। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত থেকে ঘটনার তদন্ত করছে।
