বান্দরবান, আলীকদম থেকে শামিমুর রহমান জিসান: সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদের মানুষের স্বাস্থ্যসেবা ও জনকল্যাণে মানবিক উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ও থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে দুর্গম মদক সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও শিশুদের টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে মদক এলাকার ১৮টি পাড়ার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়। কর্মসূচিতে ০ থেকে ১১ মাস বয়সী ৫০ জনের বেশি শিশুকে সরকারি ইপিআই টিকাসহ হাম-রুবেলা, টাইফয়েড ও সার্ভিক্যাল ভ্যাকসিন প্রদান করা হয়। এ ছাড়া বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ আরও ৭৫ থেকে ৮০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
বিজিবির সূত্রে জানানো হয়, দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ভৌগোলিক দুর্গমতা ও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এসব এলাকার বাসিন্দারা অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এ বাস্তবতায় বিজিবি ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে চিকিৎসাসেবা ও টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
তারা আরও বলা হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে ৫৭ বিজিবি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ বিষয়ে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আশিক জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
