শুক্রবার | নভেম্বর ১৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় শার্শা উপজেলা কৃষক দলের উদ্যোগে উপজেলার নাভারন কলেজ প্রাঙ্গণে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা খায়রুজ্জামান মধু।

সভায় বক্তারা বলেন, মরহুম তরিকুল ইসলাম শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন যশোরের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি বিভিন্ন সময়ে সমাজকল্যাণ, ডাক ও টেলিযোগাযোগ, খাদ্য, তথ্য এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

বক্তারা আরও বলেন, যশোরের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ এবং বেনাপোল স্থলবন্দরের আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ।

২০১৮ সালের ৪ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে সাংগঠনিক দক্ষতা, নেতৃত্ব ও যশোরের উন্নয়নে অবদানের কারণে তিনি আজও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাখায়ত হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, লক্ষ্মণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব খোকন, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেন খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

পরে মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা