বৃহস্পতিবার | নভেম্বর ১২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা সাভার আশুলিয়ায় বন্ধ ৭ কারখানা, ঝুঁকিতে আরও ২১০টি

শিল্পাঞ্চলে স্বস্তি ফিরলেও কাটেনি শঙ্কা,

সাভার আশুলিয়ায় বন্ধ ৭ কারখানা, ঝুঁকিতে আরও ২১০টি

সাভার থেকে, ফাহাদ-ই-আজমঃ ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও কর্মবিরতির পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেলেও কয়েকটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি ও কারখানা থেকে বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

এ পরিস্থিতিতে শ্রম আইনের ১৩(১) ধারায় সাভার ও আশুলিয়ার সাতটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি উৎপাদন ব্যাহত হওয়ায় আশুলিয়াসহ অসন্তোষপ্রবণ শিল্পাঞ্চলের ২১০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার বিষয়েও আলোচনা চলছে।

শিল্পাঞ্চলজুড়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ, শিল্প পুলিশ, এপিবিএন, ডিবি ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।
শিল্পাঞ্চলের বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর ও সাভারের হেমায়েতপুর এলাকার বিভিন্ন কারখানায় সকালে শ্রমিকদের উপস্থিতি দেখা যায়। অনেক শ্রমিক নির্ধারিত সময়ের আগেই কারখানার সামনে এসে পরিচয়পত্র দেখিয়ে কর্মস্থলে প্রবেশ করেন। অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রমও শুরু হয়।

তবে সকাল ৯টার দিকে আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ না করে বাইরে বেরিয়ে আসেন। পরে তাঁরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে নিজ নিজ গন্তব্যে চলে যান বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলামের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল। সকালে তিন থেকে চারটি কারখানার শ্রমিকেরা কাজ না করে বেরিয়ে গেলেও অধিকাংশ বড় কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ছিল।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কার্ড পাঞ্চের মাধ্যমে হাজিরা নিশ্চিত করেন। পরে সকাল ৯টার দিকে আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে যান। তবে তাঁরা কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেননি।
সাত কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ শ্রমিক অসন্তোষের কারণে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী সাভার ও আশুলিয়ার সাতটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে বন্ধ হওয়া চারটি কারখানা হলো—অরুণিমা গ্রুপের অরুণিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড, ডিএমসি অ্যাপারেলস লিমিটেড ও ডিএমসি ওয়াশ লিমিটেড। প্রতিষ্ঠান তিনটি আশুলিয়ার জিরাবো এলাকায় অবস্থিত। এ ছাড়া সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডও বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে ১০ নভেম্বর থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউএজ গ্রুপের তিনটি কারখানা—নিউএজ গার্মেন্টস লিমিটেড, নিউএজ অ্যাপারেলস লিমিটেড এবং কেইলক নিউএজ বাংলাদেশ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

২১০ কারখানা বন্ধের বিষয়ে আলোচনা

এদিকে টানা শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ার কারণে আশুলিয়াসহ অসন্তোষপ্রবণ শিল্পাঞ্চলের ২১০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার বিষয়ে প্রাথমিক আলোচনা করেছেন মালিকপক্ষ। বুধবার এক জরুরি বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। আগামী শনিবার (১৪ নভেম্বর) সংশ্লিষ্ট সংগঠনের সব সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
তবে এখন পর্যন্ত এসব কারখানা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিক্ষোভ, সংঘর্ষ ও নিরাপত্তা জোরদার

এর আগে বিভিন্ন দাবিতে, বিশেষ করে নয় দফা দাবিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি ও সড়কে অবস্থানের ঘটনা ঘটে। কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

সাভারের হেমায়েতপুর এলাকায় পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড ও ম্যাক্সকম ইন্টারন্যাশনালসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জামগড়া, নিশ্চিন্তপুর, জিরাবো, বাইপাইল ও হেমায়েতপুরসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সড়কে বিজিবির টহল অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মজুরি বোর্ড গঠনের বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে বহিরাগতদের উসকানিতে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে।

শিল্পাঞ্চলে বৃহস্পতিবার পরিস্থিতি আগের কয়েক দিনের তুলনায় শান্ত থাকলেও শ্রমিক অসন্তোষের প্রভাব পুরোপুরি কাটেনি।

কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন অব্যাহত রাখা এবং শ্রমিক-মালিকপক্ষের মধ্যে চলমান বিরোধের সমাধান এখন শিল্পাঞ্চলের অন্যতম বড় চ্যালেঞ্জ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা