শালিখা মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী ইউনিয়নের নরপতি গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোবিন্দ রায়ের বসতঘর, আসবাবপত্র, প্রয়োজনীয় মালামালসহ ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই আগুনে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। গতকাল সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নরপতি গ্রামের ইউপি সদস্য কুমুদের বাড়িতে একটি অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে এলাকার অন্যদের সঙ্গে গোবিন্দ রায়ের পরিবারের সদস্যরাও যোগ দেন। এরই মধ্যে সন্ধ্যায় ঝড়-বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। বিদ্যুৎ আসার কিছুক্ষণ পরই গোবিন্দ রায়ের বাড়িতে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কেউ ঘরের কাছে যাওয়ার সাহস পাননি। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্র ও প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।
