শুক্রবার | নভেম্বর ১৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

চটের বস্তা বিছিয়ে শুরু পাঠশালা :

মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

স্টাফ রিপোর্টার : দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের আনসার কমান্ডার কমলচন্দ্র সরকারের পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালাটি পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা কমান্ড্যান্ট (উপপরিচালক) মোঃ নুরুজ্জামান। দীর্ঘদিন ধরে নিজ বাড়ির উঠানে চটের বস্তা বিছিয়ে সাঁওতাল ও হতদরিদ্র পরিবারের ৩৫ থেকে ৪০ জন শিশুকে বিনা মূল্যে পাঠদান করে আসছেন তিনি। তাঁর এই মহতী উদ্যোগকে আরও সুসংগঠিত ও স্থায়ী রূপ দিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের বিশেষ উদ্যোগে সেখানে নির্মিত হতে যাচ্ছে এক কক্ষবিশিষ্ট ‘সঞ্জীবন পাঠশালা’।

১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার পরিদর্শনকালে জেলা কমান্ড্যান্ট কমলচন্দ্র সরকারকে মহাপরিচালকের উদ্যোগে পাঠশালাটির অবকাঠামো নির্মাণের বিষয়টি অবহিত করেন। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা পাঠদান কার্যক্রমের জন্য স্থায়ী অবকাঠামো নির্মাণের এমন খবরে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন কমলচন্দ্র সরকার। এ সময় তিনি মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অন্যদিকে, নতুন পাঠশালা নির্মাণের খবর শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠে উপস্থিত শিশুরাও।

পাঠশালার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কমলচন্দ্র সরকারের বাড়িতে একটি গৃহস্থালি সোলার প্যানেল স্থাপনেরও উদ্যোগ নিয়েছে বাহিনী। একই সঙ্গে ‘সঞ্জীবন পাঠশালা’তেও একটি সোলার প্যানেল স্থাপন করা হবে।

হতদরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং পাঠদান কার্যক্রম অব্যাহত রাখতে ‘সঞ্জীবন পাঠশালা’র জন্য বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কমলচন্দ্র সরকারের এই ব্যতিক্রমী মানবিক উদ্যোগ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নজরে আসার পর থেকেই তাঁর পাঠদান কার্যক্রমে সহযোগিতার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। ২০২৫ সালে বাহিনীর পক্ষ থেকে শিশুদের মধ্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই বছর তাঁর মানবিক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘প্রেসিডেন্ট আনসার সেবা পদক’ প্রদান করা হয়। এ ছাড়া তাঁর আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে দিনাজপুর জেলা কমান্ড্যান্টের নিজস্ব রেশন থেকে নিয়মিত চাল, ডাল, তেল ও চিনি প্রদান করা হচ্ছে।

একজন আনসার কমান্ডারের ব্যক্তিগত উদ্যোগে শুরু হওয়া ছোট্ট একটি পাঠশালা আজ বাহিনীর প্রাতিষ্ঠানিক সহযোগিতায় নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার এই উদ্যোগ মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীকারের এক অনন্য প্রতিফলন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা