পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি: ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পটিয়া পৌরসভায় সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নুরুল আলম সওদাগর।
শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাদু চৌধুরী জামে মসজিদ থেকে এ কর্মসূচির সূচনা হয়।
এ সময় মুসল্লিদের হাতে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট তুলে দেওয়া হয়।
পর্যায়ক্রমে ওয়ার্ডের ১০টি জুমার মসজিদের মুসল্লি, ব্যবসায়ী, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইলিয়াছ চৌধুরী ভুট্টো, বিশিষ্ট ব্যাংকার মোরশেদুল আলম, হাদু চৌধুরী জামে মসজিদের খতিব জিয়া উদ্দিন নঈমী, সমাজসেবক সুমন চৌধুরী, মোহাম্মদ রমজান, প্রবাসী মোহাম্মদ আলী, সরওয়ার হোসেন, আমানুল হক, মুহাম্মদ নুরু, মাওলানা মেহরাজ কাদেরী, মুহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ শাহাজান, মুহাম্মদ . এরফানসহ মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচি প্রসঙ্গে মোহাম্মদ নুরুল আলম সওদাগর বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেককে নিজ নিজ বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না।
সম্মিলিত সচেতনতা ও সামাজিক উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।তিনি আরও বলেন, এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও প্লাস্টিকের পাত্রসহ পানি জমার সম্ভাবনা রয়েছে এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
পাশাপাশি দিনের বেলাতেও মশার কামড় থেকে সুরক্ষিত থাকার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। নুরুল আলম সওদাগর বলেন, মানুষের দোরগোড়ায় ডেঙ্গু প্রতিরোধের বার্তা পৌঁছে দিতেই ৯ নম্বর ওয়ার্ডের ১০টি জুমার মসজিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবারের সদস্য, প্রতিবেশী, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে একটি সচেতন ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি ডেঙ্গুমুক্ত পটিয়া গড়তে দলমত-নির্বিশেষে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া এবং নিজ নিজ অবস্থান থেকে সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান।
