এইচ এন আলম, কক্সবাজার : কক্সবাজারের উপকূলে শুরু হয়েছে শুঁটকি উৎপাদনের মৌসুম। সাগর থেকে আহরিত মাছ শুকিয়ে শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন হাজারো শ্রমিক। জেলার বিভিন্ন উপকূলীয় এলাকায় গড়ে ওঠা আট শতাধিক শুঁটকিমহালে প্রতিদিন ২৫০ টনের বেশি শুঁটকি উৎপাদিত হচ্ছে।
মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে বাজারে শুঁটকির চাহিদা বাড়লেও কাঁচা মাছের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। গত বছরের তুলনায় এবার শুঁটকির দাম বেড়েছে ৩০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত।
ব্যবসায়ীরা জানান, শীতের শুরুতে শুঁটকি উৎপাদনের মৌসুম শুরু হয়। নভেম্বর থেকে শুরু হওয়া এ মৌসুম চলবে আগামী বছরের মে মাস পর্যন্ত। এ সময় সাগর থেকে বিভিন্ন প্রজাতির মাছ ধরে এনে মহালে শুকানো হয়। এর মধ্যে লইট্টা, ছুরি, পোয়া, মাইট্যা, ফাইস্যা, কালিলা, রূপচাঁদাসহ বিভিন্ন প্রজাতির মাছের শুঁটকি তৈরি হচ্ছে।
শুঁটকি ব্যবসায়ীদের দেওয়া তথ্যমতে, কক্সবাজার উপকূলে আট শতাধিক মহালে দৈনিক ২৫০ টনের বেশি শুঁটকি উৎপাদিত হচ্ছে। পরিবেশ অনুকূলে থাকলে এ মৌসুমে জেলা থেকে প্রায় ৭০০ কোটি টাকার শুঁটকি উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা।
জেলার আট শতাধিক মহালের মধ্যে ছয় শতাধিক মহালের অবস্থান নাজিরারটেক শুঁটকিপল্লিতে। এ ছাড়া কক্সবাজার পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডসহ টেকনাফ, সোনাদিয়া, মহেশখালী ও সোনাদিয়া, চৌফলদন্ডী, খুরুস্কুল, ভারুয়াখালী,
কুতুবদীয়া দ্বীপেও শুঁটকি উৎপাদন হয়ে থাকে।
গত ৮ নভেম্বর সকালে নাজিরারটেকের বিভিন্ন শুঁটকিমহাল ঘুরে দেখা যায়, সাগর থেকে আহরিত মাছ মহালে নিয়ে আসছেন ব্যবসায়ীরা। শ্রমিকেরা বাঁশের মাচায় মাছ বিছিয়ে শুকানোর কাজে ব্যস্ত। কোথাও মাছ বাছাই, কোথাও পরিষ্কার, আবার কোথাও শুকানো শুঁটকি সংগ্রহের কাজ চলছে। একটি মহালেই ২০/৩০ জনের বেশি শ্রমিক কাজ করছেন। নারী শ্রমিকেরাও এ কাজে যুক্ত রয়েছেন।
নাজিরারটেকের এক শ্রমিক জানান, সাগরে মাছ ধরা বন্ধ থাকায় কিছুদিন কাজ কম ছিল। এখন নতুন মৌসুম শুরু হওয়ায় আবার কাজের ব্যস্ততা বেড়েছে। শুঁটকি উৎপাদনের সঙ্গে জড়িত শ্রমিকদের বড় একটি অংশ মৌসুমি কাজের ওপর নির্ভরশীল।
ব্যবসায়ীরা জানান, এবার কাঁচা মাছ কিনতে আগের চেয়ে বেশি টাকা খরচ করতে হচ্ছে। ফলে উৎপাদিত শুঁটকির দামও বেড়েছে। প্রজাতিভেদে প্রতি কেজি শুঁটকির দাম গত বছরের তুলনায় ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। কিছু শুঁটকির দাম আরও বেশি বেড়েছে। এতে পাইকারি ও খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।
নাজিরারটেকের ব্যবসায়ী মোহাম্মদ নোমান জানান, মহালে উৎপাদিত শুঁটকি ব্যবসায়ীরা কিনে প্রথমে গুদামে মজুত করেন। পরে প্রতি সপ্তাহে ট্রাকে করে চট্টগ্রামে পাঠানো হয়। মৌসুমের প্রথম দিকে প্রতিদিন কয়েক ট্রাক শুঁটকি পাঠানোর প্রস্তুতি থাকে। তবে কাঁচা মাছের দাম বেশি হওয়ায় এবার শুঁটকি উৎপাদনে বাড়তি খরচ হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তার দেওয়া তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরে কক্সবাজারে শুঁটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৩৯ হাজার ৫০০ টন। চলতি অর্থবছরে (২০২৬-২৭) লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার টন। প্রতিদিনের উৎপাদন ও বাজার পরিস্থিতি বিবেচনায় এ লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ শুঁটকি মাছ ব্যবসায়ী সমিতির নেতারা জানান, কক্সবাজারের শুঁটকি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। পাশাপাশি বিদেশেও এর চাহিদা রয়েছে। পর্যটননির্ভর কক্সবাজারের অর্থনীতিতে শুঁটকি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ শিল্পের সঙ্গে জেলে, শ্রমিক, আড়তদার, পরিবহনকর্মী ও ব্যবসায়ীসহ বিপুলসংখ্যক মানুষ জড়িত।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকা, সাগরে পর্যাপ্ত মাছ পাওয়া এবং উৎপাদন খরচ সহনীয় পর্যায়ে থাকলে এবার শুঁটকির উৎপাদন ও বেচাকেনা আরও বাড়বে। তবে কাঁচা মাছের দাম নিয়ন্ত্রণে রাখা, সংরক্ষণব্যবস্থার উন্নয়ন এবং শুঁটকির মান নিশ্চিত করা গেলে এ শিল্পের সম্ভাবনা আরও বাড়বে।
